top of page

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর বিজেপির পরিকল্পিত হামলার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের প্রতিক্রিয়া



রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর আজ বিজেপির পরিকল্পিত হামলার আমরা তীব্র নিন্দা করি। এই রাজ্যে বর্তমানে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে! মমতা বন্দোপাধ্যায় এই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করা রাজ্য সরকার ও প্রশাসনের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনে এই রাজ্যের বর্তমান বিজেপি সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে, আজই আর জি কর কান্ডে অভয়ার মৃত্যুর দু'বছর পূর্ণ হলো। আজও অভয়া বিচার পাননি। সেই ব্যর্থতার দায় বিজেপি এড়িয়ে যেতে পারেনা। সেই সময় কেন্দ্রের বিজেপি সরকারের দায়সারা পদক্ষেপ এবং আজকের রাজ্যের বিজেপি সরকারের অভয়ার বিচারের বিষয়ে উদ্যোগহীনতা দিনের আলোর মতই স্পষ্ট। অভয়া কান্ডের দু'বছর পূর্ণ হবার দিনেই তাই বিজেপির ওই ব্যর্থতার দিক থেকে মানুষের চোখ ও আলোচনার প্রসঙ্গ ঘুরিয়ে দিতেই কি মমতা বন্দোপাধ্যায়ের উপর এই হামলা?

নাকি বিগত দিনে যেভাবে তৃণমূল সরকার বিজেপি কে অক্সিজেন দিত ঠিক সেই একইভাবে আজকের এই রাজ্যের বিজেপি সরকার ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়া তৃণমূলকে প্রাসঙ্গিক করার লক্ষে তৃণমূলকে রাজনৈতিক ভাবে অক্সিজেন সাপ্লাই দিতেই এই হামলা চালালো!

রাজ্যের প্রাক্তন প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর উপর বিজেপির এই হামলার কোনো আগাম খবর কি গোয়েন্দা দফতরের কাছে ছিলোনা? যদি তা হয় তবে তা সরকারের গোয়েন্দা দফতরের ব্যর্থতা। নাকি গোয়েন্দা দফতরের রিপোর্ট থাকা সত্ত্বেও তার ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ সরকার গ্রহণ করেনি? সমস্ত বিষয়টিই আজ সামনে আনতে হবে।

কংগ্রেস মনে করে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে কিন্তু রাজ্যের প্রাক্তন প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দেখভাল সম্পূর্ণ ভাবেই রাজ্য সরকারের দায় ও দায়িত্ব। সে দায়িত্ব রাজ্য সরকার কোনো ভাবেই এড়িয়ে যেতে পারেনা।



Comments


bottom of page